জলপাইগুড়ি , ১ আগস্ট
শনিবার ভোর রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে জলপাইগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কয়েক ঘণ্টার অবিরাম বর্ষণের জেরে শহরের বিভিন্ন রাস্তা কার্যত জলের নিচে চলে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, শহরের একাধিক এলাকা দেখে মনে হচ্ছে যেন রাস্তা নয়, তৈরি হয়েছে জলাধার।
জল জমে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। শহরের পুরাতন পুলিশ লাইন, কদমতলা, তিন নম্বর ঘুমটি, স্টেশন রোড, বেগুনটারি-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় জল জমেছে। অনেক জায়গায় হাঁটুসমান জল থাকায় পথচারীদের যাতায়াতে ব্যাপক অসুবিধার সৃষ্টি হয়েছে। যান চলাচলও ব্যাহত হয়েছে বিভিন্ন এলাকায়।
এদিকে লাগাতার বৃষ্টির পাশাপাশি নদীগুলির জলস্তরও বাড়তে শুরু করেছে। মেখলিগঞ্জে তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় হলুদ সংকেত জারি করা হয়েছে। সেচ দপ্তরের কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গজলডোবা ও কালীঝোরা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে নদী তীরবর্তী ও নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। টানা বৃষ্টি অব্যাহত থাকলে জলমগ্ন এলাকার পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

