কোচবিহার, ১৫ এপ্রিল :
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নির্বিঘ্নে পরিচালনা করতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মধ্যে ছড়িয়ে পড়ল আতঙ্ক। কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার তলিগুড়ি হাই স্কুলে অবস্থানরত ২৪ জন আইটিবিপি (ITBP) জওয়ান হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তাঁদের মধ্যে ১৪ জন হাসপাতালে চিকিৎসাধীন।
নির্বাচনী ডিউটির কারণে তলিগুড়ি হাই স্কুলে অস্থায়ী ক্যাম্প করে থাকছিলেন ওই জওয়ানরা। হাসপাতাল ও স্থানীয় সূত্রে খবর, বুধবারের খাবার খাওয়ার পর থেকেই অনেক জওয়ান পেটে ব্যথা, বমি ও শারীরিক অস্বস্তি অনুভব করতে শুরু করেন। সময়ের সাথে সাথে অসুস্থ জওয়ানের সংখ্যা বাড়তে থাকলে স্কুল চত্বরে।
ঘটনা জানাজানি হতেই দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসন। অসুস্থ ২৪ জন জওয়ানকেই তড়িঘড়ি তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, প্রাথমিক চিকিৎসার পর ১০ জন জওয়ানকে ছেড়ে দেওয়া হয়েছে। ১৪ জন জওয়ান এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে চিকিৎসকদের অনুমান, ‘ফুড পয়জনিং’ জেরেই এই বিপত্তি। ঠিক কোন খাবার থেকে এমনটা হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। জওয়ানরা যে পানীয় জল বা খাবার খেয়েছিলেন, তার মান পরীক্ষা করা হতে পারে।
নির্বাচনের প্রাক্কালে একসঙ্গে এতজন জওয়ানের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় জেলা প্রশাসনের অন্দরে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে জওয়ানদের অবস্থা আপাতত স্থিতিশীল বলে হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে।

