মাথাভাঙ্গা ,৭ আগস্ট
মাথাভাঙ্গা ১ নং ব্লকের ইচ্ছাগঞ্জ মোড়ে প্রয়াত কংগ্রেস নেতা মহেশ রায় বসুনিয়া ও তাঁর সহযোগী গোরা চাঁদ রায়ের ৪১তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করল মহেশ রায় বসুনিয়া স্মৃতি রক্ষা সমিতি।
এদিন শহীদ বেদী ও দুই নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান প্রয়াত মহেশ রায় বসুনিয়ার স্ত্রী অঞ্জলি রায় বসুনিয়া, স্বপন রায় বসুনিয়া, বিভাষ রায় বসুনিয়া, প্রদেশ কংগ্রেস নেতা বিশ্বজিৎ সরকার, জাকির হোসেন-সহ কংগ্রেসের অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকরা।
অন্যদিকে, মাথাভাঙা ১ ব্লক কংগ্রেসের উদ্যোগেও মাথাভাঙা শহরে দিনটি পালন করা হয়। ব্লক কংগ্রেস সভাপতি ক্ষিতেন্দ্র নাথ বর্মণ জানান, প্রতি বছরের মতো এবারও শ্রদ্ধাজ্ঞাপন ও স্মৃতিচারণের মধ্য দিয়ে শহীদ দিবস পালন করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৮৫ সালের ৭ ই আগস্ট ভরদুপুরে মহেশ রায় বসুনিয়া ও গোরা চাঁদ রায় সিপিআই(এম)-এর হার্মাদ বাহিনীর হাতে নিহত হন বলে কংগ্রেসের দাবি। এই ঘটনায় অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড হয়।
প্রদেশ কংগ্রেস নেতা বিশ্বজিৎ সরকার জানান, প্রতিবছরের মতো এবারও ইচ্ছাগঞ্জে শহীদ দিবস পালন করা হয়েছে। পাশাপাশি সমাজসেবামূলক কর্মসূচি হিসেবে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের উল্লেখযোগ্য অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

