বামনহাট, ১৩ আগস্ট:
চাঁদার জুলুম, হুমকি ও ‘থ্রেট কালচার’-এর অভিযোগ তুলে অনির্দিষ্টকালের জন্য বামনহাট বাজার বন্ধের ডাক দিল বামনহাট বাজার কমিটি। বৃহস্পতিবার সকাল থেকে দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদে সামিল হন ব্যবসায়ীরা। পাশাপাশি শান্তিপূর্ণভাবে পথ অবরোধও করেন তাঁরা।
বাজার কমিটির সম্পাদক সন্টু কর্মকারের অভিযোগ, ভোট ঘোষণার পর বামনহাটের পুরনো ব্যবসায়ী কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সম্পাদক হন সন্টু কর্মকার। তাঁর দাবি, নতুন কমিটি গঠনের সময় দিনহাটা ৩ নম্বর মণ্ডলের বিজেপির একাধিক সদস্য উপস্থিত ছিলেন। সেখানে ৩ নম্বর মণ্ডলের সহ-সভাপতি প্রভাত বর্মনও ছিলেন বলে দাবি তাঁর।
বাজার কমিটির অভিযোগ, ওইদিন পুরনো কমিটির হিসাবের খাতা প্রভাত বর্মন নিজের কাছে নিয়ে নেন। পাশাপাশি পুরনো কমিটির তহবিলে থাকা প্রায় ২ লক্ষ টাকা তাঁর অ্যাকাউন্টে দেওয়ার দাবি করা হয়। তবে বর্তমান কমিটি তাতে রাজি হয়নি। ওই টাকা এখনও পুরনো কমিটির কাছেই রয়েছে বলে দাবি বাজার কমিটির।
এরই মধ্যে গত ১০ আগস্ট প্রভাত বর্মনের উদ্যোগে বামনহাট বাজারে শিবপুজো ও বাউল সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয় বলে বাজার কমিটির দাবি। অভিযোগ, ওই অনুষ্ঠানের জন্য ব্যবসায়ীদের কাছ থেকে ৫ হাজার, ১০ হাজার এবং ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত চাঁদার রসিদ দেওয়া হয়।
বাজার কমিটির আরও অভিযোগ, সম্পাদক সন্টু কর্মকারকে প্রথমে ফোনে এবং পরে ডেকে নিয়ে হুমকি দেওয়া হয়। এরপর বুধবার রাতে ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার সকালে দোকানপাট বন্ধ রেখে প্রতিবাদে নামেন ব্যবসায়ীরা। একইসঙ্গে পথ অবরোধও করেন তাঁরা। খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয়। তবে বাজার বন্ধ রাখার সিদ্ধান্তে এখনও অনড় রয়েছেন ব্যবসায়ীরা।
বাজার কমিটি সূত্রে জানা গিয়েছে, বিষয়টি ইতিমধ্যেই স্থানীয় বিধায়কের নজরে আনা হয়েছে। আগামী শনিবার বিধায়ক ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে জানা গিয়েছে।
তবে বাজার কমিটির তরফে তোলা চাঁদা ও হুমকির সমস্ত অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রভাত বর্মনের বক্তব্য এখনও জানা যায়নি।

