স্বাধীনতা দিবসে জঙ্গি সন্দেহে তিনজন কে গ্রেপ্তার করে দিনহাটা আদালতে পেশ করলো এসটিএফ।
জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। জানা গিয়েছে, শুক্রবার রাতে কোচবিহারের বলরামপুর এলাকা থেকে একজনকে, সাহেবগঞ্জ এলাকা থেকে একজনকে এবং ইসলামপুর থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার গ্রেপ্তার হওয়া তিনজনকেই দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত ওই তিনজনকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। তবে তাঁদের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ রয়েছে, কী কারণে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্তে কী তথ্য উঠে এসেছে—এই বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত প্রকাশ্যে বিস্তারিত কিছু জানানো হয়নি। আদালতে উপস্থিত আইনজীবীদের পক্ষ থেকেও এ বিষয়ে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
স্বাধীনতা দিবসের দিন জঙ্গি সন্দেহে এসটিএফের হাতে তিনজন গ্রেপ্তারের ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

