কোচবিহার, ১৯ আগস্ট:
কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকানে নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ ঘিরে বুধবার চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় কোতোয়ালি থানার পুলিশ।
রোগীর পরিবারের অভিযোগ, হাসপাতালের ন্যায্য মূল্যের ওষুধের দোকানে বেশি দামে ওষুধ বিক্রি করা হচ্ছিল। পাশাপাশি পাকা বিলের পরিবর্তে হাতে লেখা বিল দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ ওঠে।
বিষয়টি নিয়ে রোগীর পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে দোকানে হট্টগোল শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
অভিযোগের বিষয়টি দোকানের মালিক স্বীকার করে নিয়েছেন বলে জানা গিয়েছে। তবে তাঁর দাবি, তিনি দোকানে উপস্থিত না থাকার সুযোগে কর্মীরা ভুলবশত এই কাজ করে ফেলেছেন।

