দিনহাটা, ১৯ আগস্ট:
সোশ্যাল মিডিয়ায় রাজবংশী মহিলাদের নিয়ে কটূক্তি এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষদের সম্পর্কে অপমানজনক মন্তব্যের অভিযোগে দিবাকর দেবনাথ-সহ একাধিক কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করলেন রাজবংশী মহিলারা।
অভিযোগের প্রতিবাদে বুধবার দিনহাটা থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হন প্রায় পাঁচ শতাধিক রাজবংশী মহিলা। পরে বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল থানার আইসির সঙ্গে দেখা করে তাঁদের অভিযোগপত্র তুলে দেন।
আন্দোলনকারীদের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় পরিকল্পিতভাবে রাজবংশী সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে মহিলাদের নিশানা করে কটূক্তি ও অপমানজনক মন্তব্য করা হচ্ছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।
আন্দোলনকারীদের হুঁশিয়ারি, পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। শুধু দিনহাটা নয়, কোচবিহার জেলার অন্যান্য থানা এবং উত্তরবঙ্গের বিভিন্ন থানাতেও দিবাকর দেবনাথ-সহ অন্যান্য কনটেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধে অভিযোগ ও বিক্ষোভ কর্মসূচি চলছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

