দিনহাটা , ৪ সেপ্টেম্বর :
পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান নির্বাচনকে কেন্দ্র করে বচসা, আর তার জেরেই এক মহিলাকে তীর দিয়ে আঘাত করার অভিযোগ। সেই তীরকাণ্ডে এবার গ্রেফতার হলেন এক ব্যক্তি। ধৃতের নাম অতুল বর্মন। শুক্রবার তাঁকে দিনহাটা আদালতে পেশ করা হলে আদালত চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
জানা গিয়েছে, গত ৩ সেপ্টেম্বর নাজিরহাট-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শালমারা এলাকায় প্রধান ও উপপ্রধান নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, সেই সময়ই এক মহিলাকে তীর দিয়ে আঘাত করা হয়। ঘটনায় বিজেপি কর্মী কৃষ্ণ বর্মনের পক্ষ থেকে সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগে মোট ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ পাওয়ার পরই ঘটনার তদন্ত শুরু করে সাহেবগঞ্জ থানার পুলিশ। তদন্তের পর অতুল বর্মনকে গ্রেফতার করা হয়।
শুক্রবার ধৃতকে দিনহাটা আদালতে পেশ করে পুলিশ। তদন্তের স্বার্থে ধৃতকে সাত দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছিল পুলিশের পক্ষ থেকে। তবে শুনানি শেষে আদালত চার দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করে।
এই ঘটনায় আর কারা জড়িত এবং ঘটনার নেপথ্যে ঠিক কী হয়েছিল, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পাশাপাশি অভিযোগে নাম থাকা বাকি ব্যক্তিদের ভূমিকা নিয়েও তদন্ত চালানো হচ্ছে।
দিনহাটা আদালতের সরকারি আইনজীবী নীহার রঞ্জন গুপ্তা আদালতের নির্দেশের বিষয়টি জানিয়েছেন।
পঞ্চায়েতের নির্বাচন ঘিরে তীরকাণ্ডের ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে। এখন পুলিশের তদন্তে ঘটনার আরও কী তথ্য সামনে আসে, সেদিকেই নজর।

