দিনহাটা ,৬ আগস্ট
শিশুমঙ্গল সমিতির আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া দিনহাটার যুব তৃণমূল শহর ব্লক সভাপতি তথা উদয়ন গুহ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত পার্থ সাহাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল দিনহাটা আদালত।
বৃহস্পতিবার দিনহাটা থানার পুলিশ পার্থ সাহাকে আদালতে পেশ করে। মামলার তদন্তের স্বার্থে পুলিশ তাঁর ১৪ দিনের হেফাজতের আবেদন জানায়। দীর্ঘ শুনানির পর আদালত পার্থ সাহার জামিনের আবেদন খারিজ করে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
দিনহাটা আদালতের সরকারি আইনজীবী সঞ্জয় বর্মন জানান, শিশুমঙ্গল সমিতির আর্থিক দুর্নীতি মামলায় বুধবার শিলিগুড়ি থেকে পার্থ সাহাকে গ্রেফতার করে দিনহাটা থানার পুলিশ। এরপর বৃহস্পতিবার তাঁকে দিনহাতা আদালতে তোলা হয়।
তদন্তের স্বার্থে আরও তথ্য সংগ্রহ এবং জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে আদালতে জানায় পুলিশ। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এই সময়ের মধ্যে মামলার তদন্তে আরও তথ্য উঠে আসতে পারে বলে মনে করছে পুলিশ।

