জলপাইগুড়ি ,২৫ আগস্ট
সৃজনশীলতার ছোঁয়ায় রাখি তৈরির প্রতিযোগিতা। আসন্ন রাখি উৎসবকে কেন্দ্র করে রাখি ও ফুল তৈরির প্রতিযোগিতার আয়োজন করা হলো জলপাইগুড়ি সদর ব্লকের কোনপাকড়ি এলাকার বিবেকানন্দ উচ্চ মাধ্যমিক স্কুলে। পড়ুয়াদের সৃজনশীলতা, দক্ষতা ও কাজের প্রতি আগ্রহ বাড়াতেই এই উদ্যোগ বলে স্কুল সূত্রে জানা গেছে। প্রতিযোগিতায় সাতটি গ্রুপে মোট ১৭৫টি রাখি তৈরির লক্ষ্য রাখা হয়েছে।
প্রতিটি গ্রুপের পড়ুয়ারা নিজেদের ভাবনা ও দক্ষতাকে কাজে লাগিয়ে অভিনব রাখি তৈরিতে অংশ নেয়। পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বাড়িতে পড়ে থাকা বা ফেলে দেওয়া বিভিন্ন সামগ্রী সংগ্রহ করে তৈরি করা হচ্ছে রাখি। কেউ চাল, গম কিংবা মুসুর ডাল ব্যবহার করেছে, আবার কেউ ফেলে দেওয়া বাদামের খোসা, সুতোসহ নানা উপকরণ দিয়ে তৈরি করেছে আকর্ষণীয় রাখি। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী গ্রুপগুলিকে পুরস্কৃত করা হয়। স্কুলের এই উদ্যোগে পড়ুয়াদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়।

