কোচবিহার, ২৫ আগস্ট
সামনেই দুর্গাপুজো। উৎসবের দিনগুলিতে শহরের রাস্তায় বাড়বে মানুষের ভিড়, সঙ্গে বাড়বে যানবাহনের চাপ। আর সেই ভিড় ও যানজট সামলাতেই এবার আগাম প্রস্তুতি শুরু করল কোচবিহার সদর ট্রাফিক পুলিশ।
শুক্রবার কোচবিহার পুলিশ লাইনের কনফারেন্স রুমে দুর্গাপুজোর ট্রাফিক ব্যবস্থা নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলার ট্রাফিক বিভাগের আধিকারিকরা এবং বিভিন্ন গাড়ি সংগঠনের প্রতিনিধিরা।
পুজোর দিনগুলিতে শহরের কোন কোন রাস্তা বন্ধ রাখা হবে, কোথায় যান চলাচলে নিষেধাজ্ঞা জারি হতে পারে এবং কোন কোন বিকল্প রাস্তা দিয়ে যানবাহন চলাচল করবে—এই সমস্ত বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
পাশাপাশি পুজোর সময় শহরের যান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ রোড ম্যাপ তৈরির কাজ শুরু করেছে কোচবিহার সদর ট্রাফিক পুলিশ। ভিড়ের চাপ অনুযায়ী কোথায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে, কোন পথে যানবাহন ঘোরানো হবে, সেই পরিকল্পনাও খতিয়ে দেখা হচ্ছে।
পুজোর আগেই এই বিশেষ ট্রাফিক পরিকল্পনা কার্যকর করার প্রস্তুতি চলছে। এখন দেখার, পুজোর দিনগুলিতে কোচবিহার শহরের যানজট সামলাতে পুলিশের এই রোড ম্যাপ কতটা কার্যকর হয়।

