কোচবিহার ,২৫ আগস্ট
কোচবিহার রাসমেলা মাঠে শুরু হয়ে গেল বহুল প্রতীক্ষিত বাজিমেলার প্রস্তুতি। মেলা আয়োজনের আগে নিয়ম মেনে অনুষ্ঠিত হলো খুঁটিপুজো। খুঁটিপুজোর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হলো মেলা প্রাঙ্গণ সাজানোর কাজ।
জানা গিয়েছে, আগামী ২৭ অথবা ২৮ তারিখ থেকে শুরু হতে পারে এবারের বাজিমেলা। মেলা চলবে আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলা খোলা থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাজিমেলাকে ঘিরে ইতিমধ্যেই রাসমেলা মাঠ প্রাঙ্গণে শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি। মেলার বিভিন্ন স্টল, প্রয়োজনীয় পরিকাঠামো এবং অন্যান্য আয়োজন সাজিয়ে তোলার কাজ চলছে। মেলা শুরু হওয়ার আগেই মাঠজুড়ে তৈরি হচ্ছে উৎসবের আবহ।
কোচবিহারের মানুষের কাছে বাজিমেলা বরাবরই অন্যতম আকর্ষণের কেন্দ্র। ফলে মেলা শুরু হওয়ার আগেই প্রস্তুতির কাজ ঘিরে তৈরি হয়েছে আগ্রহ। এখন অপেক্ষা, কবে থেকে আনুষ্ঠানিকভাবে খুলবে মেলার দরজা।

