আলিপুরদুয়ার, ২ অক্টোবর
বক্সা টাইগার রিজার্ভে বাঘ পুনর্বাসনকে কেন্দ্র করে আলিপুরদুয়ারে আয়োজিত জনসভা থেকে একাধিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের সভায় বক্সার জঙ্গলে বাঘ ছাড়ার কর্মসূচিতে যোগ দেওয়ার কথা জানান তিনি। বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে বাঘিনী আনার জন্য বিহার সরকারকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, আগামী দু’মাসের মধ্যে আরও তিনটি বাঘ বক্সার জঙ্গলে ছাড়া হবে।
বক্সা দীর্ঘদিন ধরে ‘টাইগার রিজার্ভ’ হিসেবে পরিচিত হলেও সেখানে বাঘ না থাকার প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, আগের সরকারের আমলে বক্সার উন্নয়নে তেমন কাজ হয়নি। বর্তমান সরকার বক্সার প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যকে কাজে লাগিয়ে গোটা এলাকাকে বিশ্বমানের ‘ফরেস্ট ডেস্টিনেশন’ হিসেবে গড়ে তুলতে চায় বলে জানান তিনি।
আলিপুরদুয়ার ও বক্সাকে ঘিরে পর্যটন পরিকাঠামোর উন্নয়ন করে দেশ-বিদেশের পর্যটকদের এখানে আনার পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি জয়গাঁ ডেভেলপমেন্ট বোর্ড ও আলিপুরদুয়ার পুরসভা এলাকায় একাধিক উন্নয়নমূলক কাজের ঘোষণা করেন তিনি। তাঁর কথায়, ‘কথা কম, কাজ বেশি’—এই নীতিতেই আলিপুরদুয়ারকে সাজানোর কাজ চলবে।
সভা থেকে বনাঞ্চল লুট, বন্যপ্রাণী শিকার এবং বালি-পাথর লুটের মতো অভিযোগও তোলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে বন্ধ থাকা চা বাগান খোলার জন্য সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানান তিনি। চা শ্রমিকদের জন্য কেন্দ্র থেকে ৩১২ কোটি টাকা বরাদ্দ আনার দাবিও করেন তিনি।
জনজাতি উন্নয়ন নিয়েও একাধিক পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। জনজাতি পরিবারের জন্য বিশেষ ফুড প্যাকেট দেওয়ার ব্যবস্থা করার পাশাপাশি টোটোপাড়ায় গিয়ে টোটো জনজাতির মানুষের বাড়ি ও প্রয়োজনীয় পরিকাঠামো নিয়ে উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
বক্সায় বাঘ পুনর্বাসন থেকে শুরু করে পর্যটন, বন সংরক্ষণ, চা শ্রমিক এবং জনজাতি উন্নয়ন—একাধিক বিষয়কে সামনে রেখে আলিপুরদুয়ারকে নতুনভাবে গড়ে তোলার বার্তা দেন মুখ্যমন্ত্রী। আগামী ১৫ নভেম্বর জনজাতি গৌরব দিবস উপলক্ষে ফের আলিপুরদুয়ারে আসার কথাও সভা থেকে জানান তিনি।

