শিলিগুড়ি, ২৭ অক্টোবর
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ট্রেন থেকে দুই বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করল রেল পুলিশ। ধৃতদের নাম রাবিয়া আক্তার ও শিউলি আক্তার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জনই বাংলাদেশের নারায়ণগঞ্জের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, বেঙ্গালুরুমুখী একটি ট্রেনের জেনারেল কামরায় যাত্রা করছিলেন ওই দুই মহিলা। গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি জিআরপির এসওজি এবং এনজেপি জিআরপি যৌথভাবে অভিযান চালিয়ে তাঁদের আটক করে।
আটকের পর জিজ্ঞাসাবাদে ভারতে প্রবেশের বৈধ নথি চাওয়া হলে তাঁরা তা দেখাতে পারেননি বলে পুলিশের দাবি। এরপরই তাঁদের গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের পর মেঘালয় হয়ে কেরালার উদ্দেশে রওনা দিয়েছিলেন ওই দুই মহিলা। তবে কী উদ্দেশ্যে তাঁরা ভারতে প্রবেশ করেছিলেন এবং কেরালায় যাওয়ার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার ধৃত দুই মহিলাকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। তাঁদের ভারতে প্রবেশের পথ, যাত্রার উদ্দেশ্য এবং সম্ভাব্য যোগাযোগের বিষয়গুলিও তদন্তের আওতায় রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

