জলপাইগুড়ি ,২ জুন
সরকারি আবাস যোজনায় কাটমানি নেওয়া এবং পরবর্তীতে ঘর না দিয়ে মারধরের অভিযোগ। পৌরসভার কাউন্সিলর ও তাঁর ভাই গ্ৰেপ্তার। রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে দাবি কাউন্সিলর সহ অন্যান্যদের। জলপাইগুড়ি জেলার মাল পৌরসভা এলাকার ঘটনা। অভিযোগ ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিপুল বর্মনকে ঘর পাইয়ে দেওয়ার নাম করে তার কাছ থেকে টাকা নেন ওই ওয়ার্ডের কাউন্সিলর সহ তৃণমূল নেতারা। যদিও বিপুল বর্মনকে ঘর দেওয়া হয়নি। পাশাপাশি বিপুল বর্মনকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। বিপুল বর্মনের পরিবারের সদস্যরা মাল থানায় অভিযোগ করতেই রাতেই পুলিশ ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজয় লোহার, তার ভাই আনন্দ লোহার সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। এদিকে এদিন মাল থানা থেকে কোর্টে নিয়ে যাওয়ার পথে নিজেদের নির্দোষ বলে দাবি করেন কাউন্সিলর অজয় লোহার, তার ভাই আনন্দ লোহার সহ অন্যান্যরা। রাজনৈতিক প্রতিহিংসার জন্যই তাদের ফাঁসানো হয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি কোর্ট চত্বরে তারা জয় বাংলা স্লোগান দেন। এদিকে পুলিশ তাদের রিমান্ডে নেওয়ার দাবি জানায় বলে জানা গেছে।
তবে পুলিশের এই আকস্মিক অভিযানের পর মালবাজার জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলেও ঘটনাটি নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।

