শিলিগুড়ি ,২ নভেম্বর
রাজ্যের মুখ্যমন্ত্রীর সফর ঘিরে শিলিগুড়িতে এখন থেকেই শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে আগাম প্রস্তুতি শুরু করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। সম্ভাব্য কর্মসূচির স্থানগুলি সরেজমিনে পরিদর্শন করলেন খোদ পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা। গোটা নিরাপত্তা ব্যবস্থা যাতে নিখুঁত থাকে, সেই লক্ষ্যেই চলছে প্রস্তুতি।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী আগামীকাল শিলিগুড়িতে আসছেন। তাঁর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য কর্মসূচির স্থানগুলি ঘুরে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতেই এই আগাম পরিদর্শন ও প্রস্তুতি বলে জানান তিনি।
মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সাধারণ মানুষের নিরাপত্তা এবং শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতেও বিশেষ গুরুত্ব দিচ্ছে পুলিশ প্রশাসন। সফর চলাকালীন যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেদিকে নজর রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দান থেকে বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও’ আন্দোলনের মিছিলে অংশ নেবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি উত্তরকন্যায় উত্তরবঙ্গের রাজবংশী ও কামতাপুরি জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। এই বৈঠকে কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতা-মন্ত্রী, বিধায়ক এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক, দুই ক্ষেত্রেই শিলিগুড়িতে ব্যস্ততা তুঙ্গে। একদিকে রাজনৈতিক কর্মসূচি, অন্যদিকে গুরুত্বপূর্ণ বৈঠক—সবকিছুকে সামনে রেখেই নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে।

