কোচবিহার,২রা ডিসেম্বর :
ওমেন্স ফর ট্রি প্রকল্পের মাধ্যমে কোচবিহার পৌরসভার অন্তর্গত দীঘি গুলির পাশে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি । শুক্রবার শহরের নরসিংহ দিঘির পাশে ছোট্ট একটি অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচি শুরু করা হয়। উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ, কুড়ি নম্বার ওয়ার্ডের কাউন্সিলর মুস্তাক আহমেদ সহ অন্যান্যরা ।
বেশ কিছুদিন আগে কোচবিহার পৌরসভার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল শহরের মোট ৪২ টি দিঘির পাশে বৃক্ষরোপণ করা হবে । মূলত বিশ্ব উষ্ণায়নের যুগে অক্সিজেনের জোগান বাড়াতে এই উদ্যোগ । এর পুরোপুরি দায়িত্ব দেওয়া হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উপর । মোট ৬২ টি স্বনির্ভর গোষ্ঠী এই কাজগুলো করবে ।
কোচবিহার পৌরসভার পৌরপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেছেন , এই প্রকল্পে মোট ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয় করা হবে। ৬২টি স্বনির্ভর গোষ্ঠীর ৭২৭ জন মহিলা এক বছর ধরে এই কাজগুলো করবে। গাছ পরিচর্যা করে বড় করে তোলাও তাদের দায়িত্ব। গাছের মধ্যে রয়েছে আম জাম নিম ইত্যাদি গাছ।

