দিনহাটা ,৫ আগস্ট
টানা বৃষ্টির জেরে দিনহাটা শহরের একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ফলে সাধারণ মানুষের যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি নিত্যদিনের কাজকর্মেও সমস্যার সৃষ্টি হয়েছে।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বুধবার সকাল নয়টা থেকে জলমগ্ন এলাকাগুলি সরেজমিনে পরিদর্শনে যান দিনহাটার বিধায়ক অজয় রায়। এদিন তিনি পুরসভার কর্মীদের সঙ্গে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং জল নিষ্কাশন ও নিকাশি নালা পরিষ্কারের কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। দ্রুত জল নামানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন তিনি।
বিধায়ক জানান, নাগরিকদের দুর্ভোগ কমাতে প্রশাসন ও পুরসভা যৌথভাবে কাজ করছে। যত দ্রুত সম্ভব জল নিষ্কাশনের কাজ সম্পূর্ণ করে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। অন্যদিকে, পুরসভার পক্ষ থেকেও জানানো হয়েছে, জল জমে থাকা এলাকাগুলিতে অতিরিক্ত কর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম মোতায়েন করে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।

