শ্রীহরিকোটা, অন্ধ্রপ্রদেশ, ১২ জানুয়ারী :
নতুন বছর শুরুর প্রায় 1 সপ্তাহ কাটতে না কাটতেই বড়সড় ধাক্কা খেল ভারত। সোমবার শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা ISRO-এর PSLV-C62 মিশন কয়েক মিনিটের মধ্যেই ব্যর্থ হয়ে যায়। রকেটের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে মহাকাশেই হারিয়ে যায় অন্বেষাসহ আরও 15 টি উপগ্রহ।
ISRO থেকে জানা যায়, সোমবার সকাল 10 টা 18 মিনিট নাগাদ 260 টনের PSLV-DL রকেটটি উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণ করার প্রথম দুটি ধাপ ভালোভালে সম্পন্ন হলেও তৃতীয় ধাপে(PS3) গিয়ে অসঙ্গতি দেখা যায়। তৃতীয় ধাপে হঠাৎ করেই রকেটের স্পিড এবং প্রয়োজনীয় উচ্চতা অনেকটা কমে যায়। এই অসঙ্গতির ফলেই রকেটটির সাথে গ্রাউন্ড স্টেশনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং নির্ধারিত কক্ষপথ থেকে ছিটকে যায়।
DRDO-র তৈরি “অন্বেষা” উপগ্রহটিকে কক্ষপথে প্রতিস্থাপন করাই ছিল এই অভিযানের মূল উদ্দেশ্য। এই রকেটে ভারতের বেসরকারি সংস্থা “ধ্রুব স্পেস”-এর সাতটি এবং নেপাল,ব্রাজিল, ফ্রান্স সহ বিভিন্ন দেশের আরও আটটি উপগ্রহ ছিল। “অন্বেষা” উপগ্রহটি নির্ভুল মানচিত্র এবং শক্রদেশের গতিবিধির ওপর নজরদারি করতে সক্ষম ছিল।
ISRO-র সভাপতি ভি নারায়ণন জানান, “অভিযানের তৃতীয় ধাপে সমস্যাটি দেখা দিয়েছে। আমরা সমস্ত তথ্য খতিয়ে দেখার চেষ্টা করছি। খুব তাড়াতাড়ি বিস্তারিত জানানো হবে।” ISRO এখনই অভিযানটিকে ব্যর্থ বলে ঘোষণা করেনি। তবে শীঘ্রই যান্ত্রিক ত্রুটি না কাটলে সমস্ত উপগ্রহই মহাকাশে হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

