তুফানগঞ্জ, ২১ জানুয়ারী :
তুফানগঞ্জ ১ নং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি রাজেশ তন্ত্রীর খাস তালুক মারুগঞ্জে বিজেপি কার্যালয়ে গোবর ছিটিয়ে বিধায়কের কাছে কাজের হিসাব চাইলেন এলাকার মানুষ। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে ঘিরে ক্ষোভ চরমে উঠল মারুগঞ্জে। ‘সুইচ অফ বিধায়ক’ হিসেবে পরিচিত এই নেতা ইতিমধ্যেই রাজ্যের তিনটি ভিন্ন দল থেকে তিনবার বিধায়ক হয়েছেন—যা রাজনৈতিক মহলে এক বিরল নজির। তবে অভিযোগ, গত পাঁচ বছরে এলাকায় দৃশ্যমান উন্নয়ন বা ন্যূনতম প্রয়োজন মেটাতে ব্যর্থ তিনি।
এই ক্ষোভ থেকেই বুধবার তুফানগঞ্জ-১ ব্লকের মারুগঞ্জ বিজেপি দলীয় কার্যালয়ের সামনে অভিনব বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীরা দুটি ট্রলি ভর্তি গোবর ঢেলে প্রতিবাদ জানান। পাশাপাশি, ‘মারুগঞ্জ শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক’ নামে একটি ব্যানারও কার্যালয়ের সামনে টানিয়ে দেওয়া হয়।
বিক্ষোভকারীদের দাবি, ভোটের সময় এলাকাবাসীর কাছে দেওয়া প্রতিশ্রুতি পালন করে বিধায়ক নিজেই সেই গোবর সরিয়ে তবেই দলীয় কার্যালয়ে প্রবেশ করুন। তাঁদের বক্তব্য, প্রতিশ্রুতি পূরণ না হওয়ায়ই এই প্রতীকী প্রতিবাদ।

