আলিপুরদুয়ার, ২৪ জানুয়ারী :
শনিবার কুমারগ্রাম ব্লকের ভল্কা-বারবিশা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের পাকরিগুড়ির নামাপাড়া এলাকায় অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালায় বারবিশা ফাঁড়ির পুলিশ। এদিনের অভিযানে উপস্থিত ছিলেন বারবিশা পুলিশ ফাঁড়ির ওসি জগৎজ্যোতি রায় সহ অন্য পুলিশকর্মীরা। নামাপাড়া এলাকায় অবৈধভাবে গাঁজা চাষ করা হয়েছে বলে গোপন সূত্র মারফত পুলিশ খবর পায়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে এদিন আচমকাই ওই এলাকায় অভিযানে নামে পুলিশ। বহু গাঁজা গাছ কেটে পরে সেগুলিকে পুড়িয়ে দেয় পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, নেশামুক্ত সমাজ গড়তে এই অভিযান চালানো হয়েছে। পাকরিগুড়ি নামাপাড়া এলাকায় বেশ কিছু বাড়িতে অবৈধভাবে লাগানো গাঁজা গাছ ধ্বংস করে দেওয়া হয়।

