বক্সিরহাট, ১৪ ফেব্রুয়ারী :
আপেলের কার্টুনের আড়ালে পাচারের পথে বিপুল পরিমাণ কাফ সিরাপ উদ্ধার করল বক্সিরহাট থানার পুলিশ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে কোচবিহারের দিক থেকে অসমে প্রবেশের পথে কাশিয়াবাড়ি সংলগ্ন এলাকায় লরিটিকে আটক করে পুলিশ এবং চালককে জিজ্ঞাসাবাদ করলে গাড়িতে আপেলের কার্টুন রয়েছে বলে জানায় চালক। পুলিশের কিছু সন্দেহ হওয়ায় লরিতে তল্লাশি চালাতে গিয়ে আপেলের কার্টুন সরাতেই বেরিয়ে আসে কাফ সিরাপ। এরপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে সেখান থেকে 30 বস্তা নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করা হয়। 30 বস্তার মধ্যে 60 টি কার্টুন রয়েছে এবং মোট ছয় হাজার বোতল রয়েছে বলে থানা সূত্রে খবর। ঘটনায় লরির চালক ত্রিপুরার বাসিন্দা অবিনাশ দেবনাথকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে কাফ সিরাপ গুলো দিল্লি থেকে গুয়াহাটি যাচ্ছিল। ধৃতকে আগামীকাল এমডিপিএস মামলায় আদালতে পেশ করা হবে।

