শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারি :
গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহাকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ চেকপোস্ট এলাকায় অভিযান চালায় ফাঁসিদেওয়া থানার বিধান নগর তদন্ত কেন্দ্রের আধিকারিকরা। এরপর বিহারের দিক থেকে আসা একটি বিএসএফ লাগানো চারচাকা গাড়ি আটক করে। তল্লাশি চালানো হয় তবে কিছুটা নাম্বার প্লেটের জায়গায় সন্দেহ হয় পুলিশ কর্মীদের। এরপরেই নাম্বার প্লেট খোলা হয় গাড়িটির এবং বিশেষ চেম্বার থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার। এই ঘটনায় গাড়িতে থাকা একজনকে আটক করা হয় পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর ধৃতের নাম অলক কুমার রবিকর (৪০)। সে বিহারের কাটিহারের গুরুবাজার এলাকার বাসিন্দা। যদিও ধৃত নিজেকে বিএসএফের ইন্সপেক্টর বলে দাবি করেছেন। পাশাপাশি তার কাছ থেকে বিএসএফের আই কার্ড উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের চারচাকা গাড়ি থেকে ৩কেজি ৩৪৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে।

