মাথাভাঙ্গা, ৪ ফেব্রুয়ারী :
হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়লো সৌর বিদ্যুৎ চালিত নির্মীয়মান জলাধারের ছাদ। আর এই ঘটনাকে কেন্দ্র করে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। নির্মীয়মান জলাধারের পাকা ছাদ ভেঙে পড়ার ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা ১ নং ব্লকের হাজরাহাট ২ নং গ্রাম পঞ্চায়েতের মাথাভাঙ্গা রেল স্টেশন সংলগ্ন এলাকায়। জানা যায় এলাকাবাসীর দাবি মতো ওই এলাকায় ২০ দিন আগে জলধার নির্মাণের কাজ শুরু হয় ঠিকাদারি সংস্থার তরফে। কিন্তু এদিন শ্রমিকরা সেই নির্মীয়মান জলাধারের ছাদের সাটারিং এর বাঁশ সরাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেই ছাদ।
এলাকার পঞ্চায়েত সদস্যার স্বামী শ্যামল বর্মনের দাবি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার ফলেই ছাদ ভেঙ্গে পড়ার ঘটনা ঘটে।
এলাকার উপ-প্রধান হাসেম আলী জানান বিষয়টি শোনার পর আমরা ঘটনাস্থলে যাই। সেই ভেঙ্গে পড়া ছাদ নির্মাণ সহায়ক এর তত্ত্বাবধানে নতুন করে করার নির্দেশ দেওয়া হয়েছে।

