তুফানগঞ্জ, ২২ জানুয়ারী :
লজিক্যাল ডিসক্রিপেন্সি (তথ্যে অসংগতি) শুনানিতে হয়রানির অভিযোগ তুলে তুফানগঞ্জ – দিনহাটা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের। বৃহস্পতিবার তুফানগঞ্জের বলরামপুর-১ গ্রাম পঞ্চায়েতের সরয়ার পার এলাকায় জাতীয় পতাকা হাতে পথ অবরোধে শামিল হন এলাকার বাসিন্দারা।
অভিযোগ, নির্বাচন কমিশনের নিত্য নতুন নিয়মে নাজেহাল অবস্থা। তিন বার শুনানিতে হাজির হলেও আরও পুনরায় নোটিশ পাঠানো হচ্ছে। এছাড়াও একজনের পাঁচ সন্তান থাকলেও সেটা আট জন দেখানো হচ্ছে। এছাড়াও শুনানিতে গিয়ে চরম হয়রানি। প্রতিবাদ জানিয়ে এই অবরোধ। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায় অবরোধে আটকে পড়ে ভারতীয় সেনাবাহিনীর চারটি গাড়ি।
অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী।
আন্দোলনকারীদের অভিযোগ, নির্বাচন কমিশনের তরফে বারবার নোটিশের ধরন পরিবর্তন করে সাধারণ মানুষকে শুনানির নামে অযথা হয়রানি করা হচ্ছে। এর ফলে আতঙ্ক ও বিভ্রান্তির সৃষ্টি হয়েছে বলে দাবি করেন আন্দোলনকারীরা।

