জলপাইগুড়ি, ২৪ ফেব্রুয়ারি :
স্বনির্ভর বাংলার ‘কৃষক বন্ধু’ প্রকল্পের ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক ভিড়ের ছবি ধরা পড়ল জলপাইগুড়ি জেলায়। মঙ্গলবার জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বটতলা এলাকায় আয়োজিত ক্যাম্পে সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহু আবেদনকারী সকাল থেকে লাইনে দাঁড়িয়ে বিকেল পর্যন্ত অপেক্ষায় ছিলেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার ফলে অনেকের মধ্যেই ক্লান্তি ও উদ্বেগের চিত্র স্পষ্ট ছিল। আবেদনকারীদের একাংশ জানান, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তাঁদের নাম ‘কৃষক বন্ধু’ তালিকায় অন্তর্ভুক্ত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়ছে কৃষকদের মধ্যে। তবে এই বিষয়ে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনোজ ঘোষ আশ্বস্ত করে বলেন, দুশ্চিন্তার কোনও কারণ নেই। প্রতিটি আবেদনপত্র অত্যন্ত সতর্কতার সঙ্গে খতিয়ে দেখে তবেই জমা নেওয়া হচ্ছে। যাতে কোনও যোগ্য আবেদনকারীর ফর্ম বাদ না যায়, সেই বিষয়টি নিশ্চিত করতেই কিছুটা সময় লাগছে। তিনি আরও জানান, সকাল থেকেই পঞ্চায়েতের কর্মীরা ক্যাম্পে উপস্থিত থেকে আবেদনকারীদের প্রয়োজনীয় সহায়তা করছেন। প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, স্বচ্ছতা বজায় রেখেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। যদিও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার কারণে সাধারণ মানুষের ভোগান্তির ছবিও এদিন স্পষ্ট হয়ে উঠেছে।

