শিলিগুড়ি, ১ জানুয়ারী :
নববর্ষের প্রথম দিনে শিলিগুড়ি শহর জুড়ে এক পবিত্র ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বছরের শুরুতেই মঙ্গল ও কল্যাণের আশায় শহরের প্রতিটি মন্দিরে মন্দিরে দর্শনার্থী ও ভক্তবৃন্দদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। নতুন বছর যেন সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে—এই প্রার্থনাতেই ভোর থেকেই মানুষ ছুটে চলেছেন উপাসনালয়ে।
শিলিগুড়ির মালাগুড়ি হনুমান মন্দিরে এদিন বিশেষ চিত্র ধরা পড়ে। সকাল থেকেই ভক্তদের দীর্ঘ লাইন দেখা যায় মন্দির চত্বরে। সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভক্তরা হনুমানজির দর্শন ও পূজা অর্চনা করেন। কারও হাতে ফুল, কারও হাতে প্রসাদ—সকলের চোখেমুখেই ছিল ভক্তি ও বিশ্বাসের ছাপ।
নববর্ষের এই পুণ্য লগ্নে মন্দির প্রাঙ্গণ জুড়ে ধ্বনিত হয়েছে ভক্তির সুর, শঙ্খধ্বনি ও প্রার্থনার শব্দ। ধর্মীয় আবহে নতুন বছরকে স্বাগত জানিয়ে শিলিগুড়িবাসী প্রার্থনা করেছেন—এই বছর যেন সকলের জীবনে মঙ্গলময় ও শুভ হয়ে ওঠে।

