শিলিগুড়ি, ৩ এপ্রিল :
আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে জোর বাড়িয়েছেন বিজেপি প্রার্থী ডক্টর শঙ্কর ঘোষ। এদিন তিনি শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে উপস্থিত হয়ে সমিতির সদস্যদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে চলা দোকানের মালিকানা সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরেন। তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন শঙ্কর ঘোষ। তিনি আশ্বাস দেন, আসন্ন নির্বাচনে জয়ী হলে ছয় মাসের মধ্যেই এই সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
অন্যদিকে, বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি বাপি সাহা জানান, “যেই প্রার্থীই জয়ী হোন না কেন, আমাদের মূল দাবি সমস্যার সমাধান। সেটাই হলে আমরা খুশি।”
নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন ইস্যুতে সরব হচ্ছেন প্রার্থীরা এবং নিজেদের পক্ষে জনসমর্থন আদায়ে তৎপরতা বাড়াচ্ছেন।

