শিলিগুড়ি, ২৫ ফেব্রুয়ারি :
শিলিগুড়ি পুরনিগম এলাকার হাকিমপাড়ায় অবৈধভাবে রাস্তার উপর লোহার ওভারব্রিজ নির্মাণকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি পুরনিগমের ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের রাসবিহারী সরণিতে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের পিছনের রাস্তায় একটি বহুতল ভবনের নির্মাণকাজ চলছে। রাস্তার দু’ধারে থাকা দুটি জমিকে সংযুক্ত করতে রাতের অন্ধকারে রাস্তার উপর দিয়ে লোহার একটি অস্থায়ী ওভারব্রিজ তৈরি করে নির্মাণকারী সংস্থা। অভিযোগ, শিলিগুড়ি পুরনিগমের কোনও অনুমতি ছাড়াই এই ব্রিজ নির্মাণ করা হয়।
বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, ওই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ ও বহু যানবাহন চলাচল করে। পাশাপাশি পিছনে অবস্থিত হাকিমপাড়া বালিকা বিদ্যালয়ের পড়ুয়ারাও নিয়মিত এই রাস্তা ব্যবহার করে। ফলে এভাবে তৈরি হওয়া লোহার ব্রিজ যে কোনও সময় ভেঙে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।অভিযোগ পেয়ে দ্রুত পদক্ষেপ নেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তাঁর নির্দেশে পুরনিগমের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অবৈধ নির্মাণ ভেঙে দেয়।এদিকে নির্মাণ সংস্থার মালিক নরেশ আগরওয়াল বিনা অনুমতিতে ব্রিজ তৈরির কথা স্বীকার করেছেন। তাঁর দাবি, ঢালাইয়ের কংক্রিটের পাইপ একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য সাময়িকভাবে ওই কাঠামো তৈরি করা হয়েছিল।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের বেআইনি নির্মাণ রুখতে কড়া নজরদারির দাবি তুলেছেন স্থানীয়রা।

