দিনহাটা, ২৪ ডিসেম্বর :
ফের উত্তপ্ত দিনহাটা । মঙ্গলবার রাতে নিজের বাড়িতে গুলিবিদ্ধ হলেন তৃণমূল নেতা মিঠুন রাজভর। ঘটনাটি পুটিমারী এক নং গ্রাম পঞ্চায়েতের কোয়ালিদহ এলাকার। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে । পরিবার সূত্রে খবর, তার বাঁ দিকের গালে ও গলার নিচের অংশে গুলি লাগে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে ওই তৃণমূল নেতার নাম মিঠুন রাজভর। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধ্যক্ষ ছিলেন তিনি । মঙ্গলবার রাতে বাড়ির ভেতর পায়চারি করার সময় হঠাৎ দুষ্কৃতীরা অতর্কিতে এসে লক্ষ্য করে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় মিঠুন রাজভর ছটফট করতে করতে পড়ে গেলে স্থানীয়রা ব্যাপারটি দেখতে পায় । সঙ্গে সঙ্গে তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । অবস্থার অবনতি হলে রাতেই তাকে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি ।এই গুলিকাণ্ড ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর। তৃণমূলের দাবি , বিজেপি এর আগেও তার ওপর আক্রমণ চালিয়েছে । ফের একবার তার প্রাণনাশের চেষ্টা করছে। যদিও বিজেপির দাবি , গোটাটাই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা । মিঠুন রাজভর যেহেতু উদয়ন গুহ বিরোধী গোষ্ঠীর তৃণমূল নেতা, তাই তাকে আক্রমণ করা হচ্ছে ।

