তুফানগঞ্জ, ১ জুন:
স্বাধীনতার পর এই প্রথমবার মন্ত্রিত্বের স্বাদ পেল কোচবিহার জেলার তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্র। বিজেপির হাত ধরে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন এলাকার মানুষ। তুফানগঞ্জ বিধানসভার পরপর দু’বারের বিজেপি বিধায়িকা মালতি রাভা রায় পশ্চিমবঙ্গ সরকারের নতুন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তাঁর এই সাফল্যে খুশির হাওয়া সমগ্র কোচবিহার জেলা জুড়ে।
এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে তুফানগঞ্জ বিধানসভা ১ নং মণ্ডলের পক্ষ থেকে এক বিশেষ উদ্যোগ নেওয়া হয়। এদিন নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের সামনে জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছিল। সেখানে সমবেত হয়ে তুফানগঞ্জের সাধারণ মানুষ ও বিজেপি কর্মী-সমর্থকেরা লাইভ স্ক্রিনিংয়ের মাধ্যমে মালতি রাভা রায়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মুহূর্তটি উপভোগ করেন। বিধায়িকা থেকে মন্ত্রী হিসেবে তিনি শপথ নেওয়া মাত্রই বাঁধভাঙা উছ্বাসে মেতে ওঠেন উপস্থিত সকলে। আবির খেলা, মিষ্টি মুখ এবং আতশবাজি পুড়িয়ে বিজয়া উল্লাসে শামিল হন বিজেপি কর্মী ও সমর্থকেরা। জয় শ্রী রাম এবং দলীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। এরপর এলাকা জুড়ে একটি বর্ণাঢ্য অভিনন্দন মিছিলও বের করা হয়।
এদিনের এই ঐতিহাসিক মুহূর্ত নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তুফানগঞ্জ ১নং মণ্ডল বিজেপি সভাপতি যুগল কিশোর দাস বলেন”আজ তুফানগঞ্জবাসীর অত্যন্ত আনন্দের দিন এবং খুশির খবর। আমরা দীর্ঘ প্রতীক্ষার পর এই দিনটি দেখলাম। এর আগে বাম আমল, তৃণমূলের আমল এবং কংগ্রেসের আমলেও তুফানগঞ্জবাসী কোনো মন্ত্রিত্ব পায়নি। যিনি নিষ্ঠার সাথে কাজ করেছেন, সর্বদা সাধারণ মানুষের পাশে থেকেছেন এবং মাথার ঘাম পায়ে ফেলে মানুষের জন্য লড়াই করেছেন—তিনিই আমাদের সবার প্রিয় জননেত্রী দিদি মালতি রাভা রায়।তুফানগঞ্জবাসী হিসেবে আমরা কতটা আনন্দিত ও গর্বিত, তা মুখে বলার ভাষা নেই। তুফানগঞ্জে এখনও অনেক কাজ বাকি রয়েছে, এবার দিদির হাত ধরে সেই সমস্ত উন্নয়ন সম্পন্ন হবে। মালতি দেবীকে মন্ত্রী করায় আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তাঁর মন্ত্রিসভাকে অভিনন্দন জানিয়ে আজ শহর পর্যন্ত মিছিল করলাম।”
এলাকার রাজনৈতিক মহলের মতে, স্বাধীনতার পর থেকে তুফানগঞ্জ বরাবরই উপেক্ষিত ছিল মন্ত্রিত্বের নিরিখে। মালতি রাভা রায়ের এই উত্তরণ শুধু বিজেপির সাংগঠনিক জয় নয়, বরং তুফানগঞ্জের সার্বিক উন্নয়ন ও মানুষের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাবে বলেই আশা করছেন স্থানীয় বাসিন্দারা। দলের স্থানীয় নেতৃত্ব জানান, মালতি দেবীর এই মন্ত্রিত্ব তুফানগঞ্জের মানুষের দীর্ঘ লড়াইয়ের জয়। আগামীদিনে তাঁর হাত ধরে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

