আলিপুরদুয়ার, ১ মার্চ :
ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা আলিপুরদুয়ার জেলার কালচিনিতে। ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। রবিবার ভোরে কালচিনি গোরে লাইন এলাকায় আচমকাই একটি দোকান থেকে আগুন লেগে যায় । মুহূর্তের মধ্যে আগুন ভয়ংকর আকার ধারণ করে এবং পাশের আরও একটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে যায় দুটি দোকানের সমস্ত মালপত্র। দোকানের পাশেই রাখা একটি নতুন গাড়িও আগুনের গ্রাসে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন, তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে হাসিমারা দমকল কেন্দ্র থেকে দুইটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে যায়। দমকল কর্মীদের দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে দিলীপ বিশ্বকর্মার দুটি দোকান ও বাড়ির সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি পাপ্পু বিশ্বকর্মার একটি নতুন গাড়ি ও ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকার বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। ঘটনার সময় পরিবারের সদস্যরা কোনওক্রমে ঘর থেকে বেরিয়ে প্রাণে রক্ষা পান। অগ্নিকাণ্ডের কারণ হিসেবে প্রাথমিকভাবে শর্ট সার্কিটের আশঙ্কা করা হচ্ছে।

