মাথাভাঙ্গা ,২৬ জুন
বাংলার আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে নেওয়া ‘কাটমানি’ ফেরতের দাবিতে বিক্ষোভে সামিল হলেন উপভোক্তাদের একাংশ। শুক্রবার কোচবিহার জেলার মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের পাড়ডুবি গ্রাম পঞ্চায়েতের মাটিয়ারকুঠি এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা যায়, এদিন এলাকার প্রায় শতাধিক উপভোক্তা মিছিল করে পাড়ডুবি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পূর্ণিমা বর্মনের বাড়ির সামনে বিক্ষোভে শামিল হন। বিক্ষোভকারীদের অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তাদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছিল। সেই টাকা অবিলম্বে ফেরত দেওয়ার দাবি তোলেন তারা।
বিক্ষোভ চলাকালীন উপভোক্তারা স্লোগান দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও গ্রেপ্তারের দাবি জানান। পাশাপাশি, দাবি পূরণ না হলে ‘ডিম থেরাপি’র মতো কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারিও দেন।
এরপর বিক্ষোভকারীরা এলাকার তৃণমূল বুথ সভাপতি অরুণ দাসের বাড়ির সামনেও একই দাবিতে বিক্ষোভ দেখান। সেখানেও গ্রেপ্তারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। তৃণমূলের একাংশ নেতাদের বিরুদ্ধে প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিল করে প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।
তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

