শিলিগুড়ি, ৬ মার্চ :
শহরের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিল এক চাঞ্চল্যকর ঘটনা। শিলিগুড়ি জংশন এলাকায় কর্তব্যরত এক ট্রাফিক কনস্টেবলকে প্যান্টের বেল্ট খুলে বেধরক মারধরের অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ঘটে যাওয়া এই ঘটনায় গুরুতর জখম হন ওই পুলিশকর্মী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাতে রাস্তার মাঝখানে মদ্যপ অবস্থায় স্কুটি দাঁড় করিয়ে বিশৃঙ্খলা করছিল চার যুবক। সেই সময় দায়িত্বে থাকা এক ট্রাফিক কনস্টেবল ও এক সিভিক ভলেন্টিয়ার তাদের সরাতে গেলে বচসা বাধে। অভিযোগ, এরপরই ওই যুবকেরা নিজেদের প্যান্টের বেল্ট খুলে কনস্টেবলের উপর ঝাঁপিয়ে পড়ে এবং বেধরক মারধর শুরু করে। বেল্টের বাকেলের আঘাতে কনস্টেবলের মাথায় গুরুতর চোট লাগে।
ঘটনার পর সিভিক ভলেন্টিয়ার অন্য ট্রাফিক পুলিশ ও প্রধান নগর থানায় খবর দেন। এর মধ্যেই অভিযুক্তরা স্কুটি নিয়ে পালিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ চারজনকে শনাক্ত করে এবং অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।
ধৃতদের নাম বিশাল দাস, অর্জুন মাহাতো, অজয় মাহাতো এবং রামদেব মাহাতো। তাদের স্কুটিটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। এদিন ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
এই ঘটনায় কর্তব্যরত পুলিশকর্মীকে মারধর, প্রাণনাশের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর শহরে চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, যদি কর্তব্যরত পুলিশকর্মীর উপর এমন হামলা হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?

