শিলিগুড়ি, ১৩ মার্চ :
রাজ্য সফরে এসে শিলিগুড়িতে নবম আন্তর্জাতিক সাঁওতাল কনফারেন্সের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । সেই সময় প্রশাসনিক কিছু বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। এরপর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয় জোর আলোচনা।এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে বলে সূত্রের খবর। ওই নোটিশে শিলিগুড়ির পুলিশ কমিশনার পি. সুধাকর এবং দার্জিলিং জেলার জেলাশাসক মনিষ মিশ্রকে দিল্লিতে ডেপুটেশনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, রাষ্ট্রপতির সফর ঘিরে প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়েছে কেন্দ্র। সেই কারণেই তাঁদের দিল্লিতে তলব করা হয়েছে বলে প্রশাসনিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে।
এদিকে ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। কেন্দ্র ও রাজ্যের সম্পর্কের টানাপোড়েনের মাঝেই এই পদক্ষেপকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকেই। কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যের কাছে শিলিগুড়ির পুলিশ কমিশনার ও দার্জিলিং জেলার জেলাশাসককে ডেপুটেশনে পাঠানোর জন্য অনুরোধ জানানো হয়েছে বলে জানা গিয়েছে।

