দিনহাটা, ২০ মার্চ :
প্রয়াত বিজেপি নেতা অমিত সরকারের বাড়িতে ভোট প্রচারে গেলেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অজয় রায়। শুক্রবার দিনহাটা শহরের পাঁচমাথা মোড় সংলগ্ন এলাকায় অমিত সরকারের বাড়িতে পৌঁছে তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি, তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে ভোট প্রচারও সারেন।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে দিনহাটা শহরের পশু হাসপাতাল এলাকা থেকে বিজেপির তৎকালীন শহর মণ্ডল সভাপতি অমিত সরকারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে কেন্দ্র করে তৎকালীন সময়ে ব্যাপক রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। বিজেপির তরফে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে খুনের অভিযোগ তোলা হলেও, পাল্টা তৃণমূলের দাবি ছিল—দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরেই এই ঘটনা।
আবারও সেই প্রয়াত নেতার বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিলেন বিজেপি প্রার্থী অজয় রায়।

