শিলিগুড়ি, ২২ মার্চ :
এখনকার দিনে মোবাইল আর স্ক্রিনের দুনিয়া থেকে বাচ্চাদের মাঠে ফেরানোই বড় চ্যালেঞ্জ। সেই লক্ষ্যেই শিলিগুড়ির ৪৫ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন কলোনির পার্বতী ঘাটে কয়েক বছর ধরে আয়োজিত হচ্ছে ‘রয়েস ক্রিকেট লিগ’। এলাকার পড়ুয়াদের নিয়ে এই উদ্যোগ ইতিমধ্যেই নজর কেড়েছে স্থানীয় মহলে। শিক্ষক বিট্টু রায়ের উদ্যোগে শুরু হওয়া এই লিগে এবছর অংশ নিয়েছে মোট আটটি দল। নিয়ম মেনে দল গঠন করে খেলায় অংশ নিচ্ছে বাচ্চারা, থাকছে পুরস্কারের ব্যবস্থাও। মূল লক্ষ্য একটাই—মোবাইল থেকে দূরে রেখে বাচ্চাদের খেলাধুলার মাধ্যমে সুস্থ পরিবেশে বড় করে তোলা। ভবিষ্যতে মেয়েদের নিয়েও এই ধরনের ক্রিকেট আয়োজন করার পরিকল্পনাও রয়েছে বলে জানা গিয়েছে। রবিবারের খেলায় এক বিশেষ চমকও দেখা যায়। প্রচারে বেরিয়ে সেখানে উপস্থিত হন শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। শিশুদের উৎসাহ দিতে গিয়ে তিনিও কিছুক্ষণ ব্যাট হাতে মাঠে নামেন, যা ছোটদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে। উপস্থিত ছিলেন এসজিডিএ-র চেয়ারম্যান দিলীপ দুগ্গার এবং স্থানীয় কাউন্সিলর গার্গী চ্যাটার্জী-সহ অন্যান্যরাও। উদ্যোক্তাদের দাবি, খেলাধুলার মাধ্যমে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ যেমন সম্ভব, তেমনই দলগত চেতনা ও শৃঙ্খলাও গড়ে ওঠে। তাই প্রতিবছরই এই লিগ আরও বড় করে আয়োজনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এলাকার বাসিন্দারাও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতে এমন আরও উদ্যোগের আশায় রয়েছেন।

