কোচবিহার, ২৮ মার্চ :
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই নড়েচড়ে বসেছে প্রশাসন। আগামী ২৩শে এপ্রিল বাংলায় প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই দফায় কোচবিহার সহ উত্তরবঙ্গের জেলাগুলোতে ভোটগ্রহণ হবে। নির্বাচন কমিশন কর্তৃক উত্তরবঙ্গের এডিজি (ADG) হিসেবে নিযুক্ত হওয়ার পর আজ কোচবিহারের অত্যন্ত সংবেদনশীল অসম-বাংলা সীমান্ত পরিদর্শনে আসলেন কে. জয়রামন।
ভোটের আগে ভিন রাজ্য থেকে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র পাচার বা কোনো প্রকার অবাঞ্ছিত গতিবিধি রুখতে কমিশন অত্যন্ত কঠোর। সেই উদ্দেশ্যেই আজ কোচবিহারের শেষপ্রান্তের সীমান্ত এলাকাগুলো ঘুরে দেখেন এডিজি।স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে নিরাপত্তা ব্যবস্থার তদারকি করেন তিনি।
সীমান্ত পরিদর্শনের পাশাপাশি এডিজি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ নাকা পয়েন্টগুলো পরিদর্শন করেন। তল্লাশি প্রক্রিয়া এবং সিসিটিভি নজরদারির বর্তমান অবস্থা খতিয়ে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। কর্তব্যরত পুলিশ কর্মীদের উদ্দেশ্যে তিনি স্পষ্ট নির্দেশ দেন: প্রত্যেকটি যানবাহনে নিবিড় তল্লাশি চালাতে হবে।সন্দেহভাজন গতিবিধি দেখলেই দ্রুত ব্যবস্থা নিতে হবে।শান্তিপূর্ণ ও অবাধ ভোট নিশ্চিত করতে কোনো রকম আপস করা যাবে না।
নির্বাচন কমিশনের নির্দেশে সম্প্রতি একগুচ্ছ রদবদলের মাধ্যমে কে. জয়রামনকে উত্তরবঙ্গের নিরাপত্তার এই গুরুদায়িত্ব দেওয়া হয়েছে। যেহেতু প্রথম দফাতেই কোচবিহারে ভোট, তাই হাতে সময় খুব কম। এই অল্প সময়ের মধ্যেই শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং ভোটারদের মনে আস্থা ফেরানোই এখন তার প্রধান চ্যালেঞ্জ।

