জলপাইগুড়ি, ২৬ জুলাই:
দেশজুড়ে ‘রাষ্ট্রবিরোধী চক্রান্ত’ চলছে— এমন অভিযোগ তুলে এবং দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষার দাবিতে জলপাইগুড়ি শহরে বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করল শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা শাখা। রবিবার সংগঠনের পক্ষ থেকে ‘রাষ্ট্র বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচি পালন করা হয়।
এদিন শহরের পিডব্লিউডি মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তা পরিক্রমা করে থানা মোড়, কদমতলা, দিনবাজার হয়ে পৌঁছায় সমাজপাড়া এলাকায়। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও সংগঠনের পতাকা। দেশের ঐক্য, সংহতি এবং সাংস্কৃতিক মূল্যবোধ রক্ষার দাবিতে বিভিন্ন স্লোগানও তোলেন তাঁরা।
মিছিল শেষে সমাজপাড়া মোড়ে একটি পথসভার আয়োজন করা হয়। সেখানে সংগঠনের সদস্যরা বক্তব্যের মাধ্যমে নিজেদের দাবি ও অবস্থান তুলে ধরেন। তাঁদের অভিযোগ, দেশের অভ্যন্তরে বিভিন্নভাবে বিভাজনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা চলছে এবং এর বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায়। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ এবং অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মীরা।
অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের জলপাইগুড়ি জেলা সম্পাদক বিষ্ণু তন্ত্র বলেন, “সারা ভারতবর্ষ জুড়ে ছাত্রদের ব্যবহার করে দেশবিরোধী চক্রান্ত চালানো হচ্ছে বলে আমরা মনে করছি। তারই প্রতিবাদে আজকের এই আন্দোলন। দেশের ঐক্যবদ্ধতা এবং সুরক্ষা বজায় রাখা আমাদের সকলের দায়িত্ব। কোনওভাবেই দেশের অখণ্ডতা নষ্ট হতে দেওয়া যাবে না।”
তিনি আরও বলেন, দেশের স্বার্থ এবং নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন, “ভারতবর্ষে বর্তমানে রাষ্ট্রবিরোধী শক্তির সক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। বিদেশি শক্তির মদতে দেশকে খণ্ড খণ্ড করার চেষ্টা চলছে বলে আমাদের আশঙ্কা। এর বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতেই এই আন্দোলন।”
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের ঐক্য, সংস্কৃতি ও শিক্ষা ব্যবস্থার সুরক্ষার দাবিতে আগামী দিনেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। এদিনের কর্মসূচিকে ঘিরে শহরে রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা শুরু হয়েছে।

