শিলিগুড়ি, ১৩ এপ্রিল :
আসন্ন নির্বাচনের আগে জোরকদমে প্রচারে নেমেছেন শংকর ঘোষ। সোমবার শহরের একাধিক ব্যস্ত বাজার এলাকায় ঘুরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি। এদিন দুপুরে হংকং মার্কেট এবং শেঠ শ্রীলাল মার্কেট এলাকায় প্রচার চালান বিজেপি প্রার্থী। বাজার চত্বর ঘুরে তিনি দোকানদারদের সঙ্গে কথা বলেন, তাঁদের সমস্যা ও চাহিদার কথা শোনেন এবং উন্নয়নের প্রতিশ্রুতি দেন। পরে সোমবারই বিধান মার্কেট এলাকায়ও প্রচার করেন শংকর ঘোষ। সেখানে পথচলতি মানুষ ও ক্রেতাদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি। প্রচারের সময় শংকর ঘোষ জানান, শিলিগুড়ির সার্বিক উন্নয়ন এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষাই তাঁর মূল লক্ষ্য। স্থানীয় সমস্যা সমাধানে তিনি অগ্রাধিকার দেবেন বলেও আশ্বাস দেন। নির্বাচন যত এগিয়ে আসছে, ততই শহরের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক দলগুলির প্রচার তীব্র হচ্ছে। বাজার এলাকাগুলিকে কেন্দ্র করে এই ধরনের জনসংযোগ কর্মসূচি ভোটের লড়াইকে আরও জোরালো করে তুলছে।

