জলপাইগুড়ি, ১৫ এপ্রিল :
ভোটের লাইনে দাঁড়িয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন এক ভোটকর্মী। বুধবার জলপাইগুড়ির ফণীন্দ্রদেব বিদ্যালয়ে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এদিন সেখানে ভোটকর্মীদের পোস্টাল ব্যালটে ভোটগ্রহণের কাজ চলছিল।জানা যায়, ক্রান্তির বাসিন্দা ও পেশায় পিডব্লিউডি কর্মী রোটন মুন্ডা ভোট দেওয়ার লাইনে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁর নাক দিয়ে রক্তপাতও শুরু হয়। ঘটনায় উপস্থিত অন্যান্য ভোটকর্মীরা দ্রুত ছুটে এসে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেন।অভিযোগ, ওই ভোটকেন্দ্রে তাৎক্ষণিক চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। যদিও কয়েকজন আশা কর্মী উপস্থিত ছিলেন, তবুও জরুরি চিকিৎসা পরিষেবা যথেষ্ট ছিল না বলে অভিযোগ ওঠে। এমনকি, ঘটনাস্থলে কোনো অ্যাম্বুলেন্সও প্রস্তুত অবস্থায় ছিল না। অন্যান্য ভোটকর্মীদের দাবি, অনেক দেরিতে একটি অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছায়। সময়মতো ব্যবস্থা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেন তাঁরা। পরে অ্যাম্বুলেন্স এলে রোটন মুন্ডাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

