জলপাইগুড়ি, ১৭ এপ্রিল :
ধূপগুড়িতে জনসভায় যোগী।ধূপগুড়ি ভারতীয় জনতা পার্টির প্রার্থী নরেশ রায়ের সর্মথনে ধূপগুড়ি শহর লাগোয়া সাকোয়াঝোড়া ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসভা করতে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।শনিবার ধূপগুড়ি সাকোয়াঝোড়া ২ নং গ্রাম পঞ্চায়েতের ফনীরমাঠ এলাকাতেই তিনি সভা সারবেন বলে বিজেপি সুত্রে খবর।বিজেপির তরফে জানা গিয়েছে শনিবার বেলা ১১ টা নাগাদ তিনি সভা শুরু করবেন।এবং ১০.৫০ নাগাদ তিনি হেলিকপ্টারে এই সভাস্থলের পাশে অস্থায়ী হেলিপ্যাডে নামবেন।সেখান থেকে সড়ক পথে সভাস্থলে পৌছাবেন।তবে ধূপগুড়িতে যোগী আদিত্যনাথের সভা ঘিরে উন্মাদনা তৈরি হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। মানুষকে জায়গা দিতে পারবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে বলে জানান ধূপগুড়ি বিজেপির টাউন মন্ডল সভাপতি পাপাই বসাক।এদিকে এদিন যোগীর সফর ঘিরে হেলিপ্যাড এবং সভাস্থলের নিরাপত্তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌছায় ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক অরিন্দম পাল চৌধুরী এবং ধূপগুড়ি থানার আই সি প্রশান্ত চামলিং।জোর কদমে হেলিপ্যাড তৈরি থেকে শুরু করে সভামঞ্চের প্রস্তুতিতে কোথাও যাতে কোনো ঘাটতি না থাকে সেই লক্ষ্যে সভাস্থলের মাঠে অবস্থান নিয়েছে বিজেপি নেতৃত্ব। ধূপগুড়ি বিধানসভায় বিজেপির হেভিওয়েট প্রচার এবং তৃণমূল সেকেন্ড কমাণ্ডের সভা ঐ মাঠেই সম্পন্ন হয়েছে।কিন্তু নির্বাচনী শেষ হাসি বা আবীর রঙে কে এগিয়ে থাকবে তা কিন্তু আগামী ৪ মে বলে দেবে জনতার রায়ে।

