লাটাগুড়ি , ৮জুলাই
বাতাবারি মুখী জাতীয় সড়কের লাটাগুড়ি বনাঞ্চল ও গরুমারা অভয়ারণ্যের মাঝামাঝি এলাকায় বুধবার সকালে হঠাৎ একটি বড় গাছ ভেঙে সড়কের উপর পড়ে যায়। এর জেরে জাতীয় সড়কে সাময়িকভাবে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয় এবং রাস্তার দু’ধারে ছোট-বড় বহু যানবাহন আটকে পড়ে। ফলে নিত্যযাত্রী ও দূরপাল্লার যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বন দফতরের কর্মী এবং চালসা ট্রাফিক গার্ডের পুলিশ। যৌথ উদ্যোগে গাছটি কেটে সরানোর কাজ শুরু হয়। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় সড়ক থেকে গাছটি সরিয়ে ফেলা হলে পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাছটি পড়ার সময় বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে ব্যস্ত জাতীয় সড়কে আচমকা গাছ পড়ে যাওয়ায় কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

