দিনহাটা, ২১ এপ্রিল :
সোমবার রাতে দিনহাটা বিধানসভার ভিলেজ ওয়ান এলাকায় এক তৃণমূল কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ ওঠে কয়েকজন বিজেপি কর্মীর বিরুদ্ধে। আক্রান্ত ব্যক্তির নাম হাসানুর রহমান। তিনি দিনহাটা বিধানসভার ভিলেজ ওয়ানের স্থানীয় বাসিন্দা।
সূত্রের খবর অনুযায়ী, ওই ব্যক্তি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন কয়েকজন বিজেপি কর্মী তাকে হঠাৎই মারধর করে বলে অভিযোগ।
হাসানুর রহমান জানান, রাত ১১ টায় বাড়ি ফেরার সময় ভিলেজ ওয়ান ২৬৩ নম্বর বুথের কাছে কিছু বিজেপি কর্মীরা তার ওপর হঠাৎই আক্রমণ চালায়। জানা যায় পরিমল বর্মন মদন নামে বিজেপি কর্মীরাই তার ওপর হামলা চালায়।
দিনহাটা ভিলেজ ওয়ানে চেয়ারম্যান আলম মিয়ার বক্তব্য, রাত এগারোটা নাগাদ হাসানুর রহমান টেন্টের কাজ সেরে বাড়ি ফিরে যাওয়ার সময় কয়েকজন বিজেপির ছেলেরা তাকে মারধর করে। মারধরে তার মাথা ফেটে যায়। পরে তড়িঘড়ি সবাই মিলে গিয়ে তাকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে হাসানুর রহমান দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এই প্রসঙ্গে দিনহাটা বিধানসভার বিজেপি প্রার্থী অজয় রায় কে জিজ্ঞেস করলে তিনি জানান , “আমার কাছে এরকম কোন খবর নেই। আর বিজেপি এসব রাজনীতিতে বিশ্বাস করে না। আসলে এদের পায়ের তলায় মাটি নেই, এরা জানে সবখানে প্রত্যেকটা অঞ্চলে এরা হারবে তাই এসব নাটক করছে।”

