দিনহাটা , ৩১ মার্চ :
সিতাই বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক ও বিক্ষোভের পরিস্থিতি। ঘোষিত প্রার্থী আশুতোষ বর্মাকে ঘিরে দলের একাংশের মধ্যে অসন্তোষ দেখা দেয়। অভিযোগ, তিনি স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নন এবং দলীয় কর্মীদের মতামতকে গুরুত্ব না দিয়েই প্রার্থী করা হয়েছে।
এই প্রেক্ষিতে সিতাই বিধানসভার অন্তর্গত গোসানিমারি এলাকায় বিজেপির দলীয় কার্যালয়ে কর্মী-সমর্থকদের একাংশ বিক্ষোভে সামিল হন। তারা স্লোগান তুলে প্রার্থী পরিবর্তনের দাবি জানান এবং অবিলম্বে নতুন মুখ আনার আহ্বান করেন। বিক্ষোভকারীদের বক্তব্য, এই প্রার্থীকে নিয়ে নির্বাচনে লড়াই করা কঠিন হবে।
তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন সিতাই এলাকার বিজেপি নেতা দীপক রায়। তার দাবি, কোনও বিক্ষোভ হয়নি। বরং এদিন একটি দলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। প্রার্থী নির্বাচন নিয়ে দলের অভ্যন্তরীণ অসন্তোষ কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।

