জলপাইগুড়ি, ২ ফেব্রুয়ারী :
আজ থেকে শুরু হলো এবছরের মাধ্যমিক। সুতরাং এরা “আজকের ছাত্র, আজকের ছাত্রী, আগামীতে বাংলার ভবিষ্যৎ ” এই মোটো নিয়ে শহরের পরীক্ষার্থীদের উৎসাহ দিতে “স্বপ্ন পূরণ” নামে নতুন প্রকল্প চালু করলো জলপাইগুড়ি পুরসভা। এই প্রকল্পের মাধ্যমে পরীক্ষার্থীদের হাতে রাইটিং ক্লিপ বোর্ড, দুটি পেন এবং পুরসভার চেয়ারম্যানের শুভেচ্ছা বার্তা পৌছে দেওয়া হচ্ছে। কর্তৃপক্ষের বক্তব্য পুসভার ১৪০ বছরের ইতিহাসে এই প্রথম এই ধরনের প্রকল্প শুরু করা হলো। পুরসভা সুত্রের খবর এই প্রকল্প শুরু করার আগে পুরসভার ২৫টি ওয়ার্ডে কত জন ছাত্রছাত্রী এবছর পরীক্ষায় বসছে তার একটি তালিকা তৈরি করা হয়েছিলো সংশ্লিষ্ট কাউন্সিলারের সাহায্য নিয়ে। তার পরেই সমস্ত বিষয় চিন্তা ভাবনা করে প্রকল্প শুরু করা হয়। এদিন পুরসভার ১ নং ওয়ার্ডের ইন্দিরা গান্ধী কলোনী এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে রাইটিং ক্লিপ বোর্ড, দুটি পেন ও শুভেচ্ছা জানালেন ওয়ার্ডের কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা।
পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান,, এবছর পুরসভা এলাকা থেকে প্রায় ৭০০ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসছে। প্রতিটি ছাত্রছাত্রীর কাছেই সংশ্লিষ্ট কাউন্সিলারের মাধ্যমে শুভেচ্ছা বার্তা ছাড়াও রাইটিং ক্লিপিং বোর্ড এবং পেন পৌছনর ব্যবস্থা করা হয়েছে। এই প্রকল্প কেবল মাধ্যমিকের জন্য নয়। উচ্চ মাধ্যমিক, সিবিএসসি আইসিএসসি পররীক্ষার্থীদেরও পাঠান হবে প্রতিবছর। পুরকর্তৃপক্ষের বক্তব্য এই প্রকল্পের খরচ পুরসভা নিজস্ব ফান্ড থেকে বহন করবে।

