মাথাভাঙ্গা, ২ মে :
নিয়ন্ত্রণ হারিয়ে নির্মীয়মান কালভার্টের নিচে পড়লো মোটর বাইক।আর এই ঘটনায় আহত হলেন তিন যুবক। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে মাথাভাঙ্গা শীতলকুচি রাজ্য সড়কের অ্যালংমারি এলাকায়। ঘটনার পর স্থানীয়রাই আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে। আহত তিনজনের মধ্যে দুজনের চোট গুরুতর বলে খবর।
জানা গেছে শীতলকুচি থেকে একটি মোটর বাইকে করে ভোজনেরছড়া এলাকার তিন যুবক মাথাভাঙ্গার দিকে আসছিলেন। কিন্তু অ্যালংমারি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের নিচে পড়ে যায়। ঘটনার সাথে সাথে এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে আসে। পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশও। এদিকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সেতুর কাজ ও পরিকাঠামো নিয়ে বিস্তর অভিযোগ। তবে আহত তিন বাইক আরোহী মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যায় এবং পুলিশ মোটর বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা দুলাল সাহা জানান, ব্রিজটি ভাঙা এই নিয়ে অনেক আন্দোলন হয়েছে। ব্রিজটির সাইডে কোনো ব্যারিকেড নেই শুধু কোনোরকম দুটো পাথর দিয়ে রাখা। ব্রিজের সামনে একটি দোকান ছিল সেটার সামনে দিয়ে পুরো স্পিডে বাইক চালিয়ে আসার সময় অন্ধকারে ব্রিজের সাইড দিয়ে নিচে নদীর মধ্যে পড়ে যায়। বাইকে তিনজন ছিল। দুজন আহত হয়েছে ও একজন একটু সুস্থ আছে। তবে পাল্টি খেয়ে পড়লে তিনজনেরই প্রাণনাশের আশঙ্কা ছিল। জানা যায় যুবন তিনজন সরকারডাঙার বাসিন্দা। এই ভাঙা ব্রিজ নিয়ে কিছুদিন আগে আন্দোলন করা হয়েছিল। তাদের দাবি ছিল ব্রিজটিকে ডাউন করতে হবে। কিন্তু প্রশাসনকে বারবার একথা জানানোর পরেও এর কোনো সুরাহা মেলেনি। যার ফলে ব্রিজ সংলগ্ন সমস্ত চাষের জমিতে জল জমে সমস্ত ফসল নষ্ট হয়ে যাচ্ছে।

