জলপাইগুড়ি, ৯ মে :
জলপাইগুড়ি শহরের বাবুপাড়া এলাকায় জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয় ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজ্যজুড়ে ভরাডুবির পাশাপাশি জলপাইগুড়ি জেলার সাতটি বিধানসভা কেন্দ্রেই পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। তার মধ্যেই আজ হঠাৎ করেই বাবুপাড়ার জেলা কার্যালয় বন্ধ করে দেওয়ার ঘটনা সামনে আসে। এদিন কার্যালয়ে গিয়ে দেখা যায়, সমস্ত ব্যানার ও পোস্টার খুলে নেওয়া হয়েছে এবং কার্যত বন্ধ করে হয়েছে অফিসের দরজা।স্বাভাবিকভাবেই এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে দলীয় নেতৃত্বের দাবি, এর সঙ্গে নির্বাচনী ফলাফলের সরাসরি কোনও সম্পর্ক নেই। আইএনটিটিইউসি নেতা পূণ্যব্রত মিত্র জানান, এই কার্যালয়টি ভাড়ায় নেওয়া ছিল। মালিক অন্যত্র ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় নতুন করে চুক্তি করা হয়নি। সেই কারণেই আপাতত এই অফিস ছেড়ে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, “পার্টি অফিস বন্ধ হচ্ছে না, শুধু স্থান পরিবর্তন করা হচ্ছে।” ভবিষ্যতে কল্যাণ চক্রবর্তী ভবন অথবা পাটগোলায় দলের নিজস্ব জায়গায় নতুন করে জেলা কার্যালয় গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বলেও ইঙ্গিত দেন তিনি। তার মতে, নতুন কার্যালয়ের চূড়ান্ত অবস্থান নিয়ে সিদ্ধান্ত নেবেন জেলা সভানেত্রী মহুয়া গোপ। ফলে আপাতত জেলা তৃণমূলের নতুন ঠিকানা কোথায় হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা অব্যাহত রয়েছে।

