নিজস্ব সংবাদদাতা, ১৩ মে
প্রথম বৈঠকেই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। সীমান্ত সুরক্ষা ও অনুপ্রবেশ রুখতে বড় পদক্ষেপ হিসেবে আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে জমি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে দ্রুত কাঁটাতার বসানোর কাজ শুরু করা যায়। সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা নিয়ে বিজেপি সরকারের অবস্থান আরও স্পষ্ট হয়েছে বলে রাজনৈতিক মহলের মত।
জানা গিয়েছে, কোচবিহার জেলার সঙ্গে বাংলাদেশের প্রায় ১০০ কিলোমিটার সীমান্ত এলাকা এখনও কাঁটাতারবিহীন। এর মধ্যে রয়েছে নদী, জলাশয় এবং দুর্গম বিস্তীর্ণ এলাকা। বিশেষ করে কুচলিবাড়ি, ফুলকাডাবরী ও দহগ্রাম-আঙ্গারপোতা সীমান্ত দীর্ঘদিন ধরেই অত্যন্ত স্পর্শকাতর বলে পরিচিত। কাঁটাতারের অভাবে এইসব এলাকায় অনুপ্রবেশের ঘটনা প্রায় নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে। পাশাপাশি চোরাচালান ও সীমান্ত সংক্রান্ত অন্যান্য অপরাধও বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
রাজ্য সরকারের জমি হস্তান্তরের সিদ্ধান্তে খুশি কোচবিহারের সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। তাদের মতে, দীর্ঘদিন ধরে এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি উঠছিল। দ্রুত কাঁটাতার বসানো হলে অনুপ্রবেশ যেমন কমবে, তেমনি সীমান্ত এলাকার নিরাপত্তাও অনেকটাই জোরদার হবে। এখন প্রশাসনের তরফে কত দ্রুত কাজ শুরু হয়, সেদিকেই নজর সকলের।

