জলপাইগুড়ি ,২৭ জুলাই
১১ বছর কাজ করেও আজ বেকার, মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাতে এসেও মিলল না সুযোগ
এক-দুই বছর নয়, দীর্ঘ ১১ বছর ধরে কাজ করে কোটি কোটি টাকা রাজস্ব আদায়ে ভূমিকা রেখেও আজ কর্মহীন হয়ে পড়েছেন ছয়টি পরিবার। নিজেদের সমস্যার কথা মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরতে সোমবার সকাল থেকেই জলপাইগুড়ি জেলাশাসকের কার্যালয়ের সামনে অপেক্ষা করছিলেন তাঁরা।
এদিন জলপাইগুড়ি সফরে এসে জেলাশাসকের কার্যালয়ে প্রশাসনিক কর্মসূচিতে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর আগমনের খবর পেয়ে প্রাক্তন আরএমসি চেকপোস্ট কর্মী এবং পরবর্তীতে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার হিসেবে কাজ করা এই ছয়টি পরিবারের সদস্যরা তাঁদের দাবি জানাতে উপস্থিত হন।
তাঁদের অভিযোগ, দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে কাজ করার পরেও বর্তমানে তাঁরা কর্মহীন। পরিবারের আর্থিক পরিস্থিতিও কঠিন হয়ে পড়েছে। তাই মুখ্যমন্ত্রীর কাছে নিজেদের সমস্যা তুলে ধরে স্থায়ী সমাধানের আবেদন জানাতে চেয়েছিলেন তাঁরা।
তবে প্রশাসনিক অনুমতি না পাওয়ায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করতে পারেননি তাঁরা। হাতে থাকা দাবিপত্রও মুখ্যমন্ত্রীর কাছে তুলে দেওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ করেন ওই কর্মীরা। ফলে দীর্ঘ অপেক্ষার পরও খালি হাতেই ফিরে যেতে হয় তাঁদের।

